ভারতে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ সমুদ্রে

ভারতে তৈরি প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত প্রথমবার পরীক্ষামূলকভাবে সমুদ্রে ভাসল। বুধবার দেশটির নৌবাহিনীর তরফে এ খবর দেওয়া হয়।

বিক্রান্তের প্রথম সমুদ্রযাত্রাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

এ প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, “দেশে তৈরি বিমানবাহী জাহাজ বিক্রান্তের প্রথম সমুদ্রযাত্রা প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভরতার প্রতি আমাদের প্রতিশ্রুতির সাফল্য। কভিড পরিস্থিতিতেও এই প্রকল্পের সঙ্গে যুক্তদের কর্তব্যনিষ্ঠা এবং দায়বদ্ধতা নতুন নজির গড়েছে। ভারতবাসী হিসেবে আমাদের গর্বিত করেছে।”

দৈর্ঘ্যে ২৬২ মিটার, ৬২ মিটার চওড়া এবং ৫৯ মিটার উঁচু আইএনএস বিক্রান্তে ১,৭০০-রও বেশি নৌসেনা ও অফিসারের থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে নারী অফিসারদের থাকার জন্য পৃথক ব্যবস্থা।

এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৮ নট (প্রায় ৫২ কিলোমিটার)। রানওয়ের দৈর্ঘ্য ৯০ মিটারেরও বেশি। ফলে ‘অ্যারেস্টেড হুক’ ব্যবহার করে তেজসের মতো আধুনিক যুদ্ধবিমানও ওঠানামা করতে পারবে এই যুদ্ধজাহাজ থেকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনীর জন্য তৈরি করা বিমানবাহী যুদ্ধজাহাজ হারকিউলিস পঞ্চাশের দশকে কিনেছিল ভারত। নাম দেওয়া হয় আইএনএস বিক্রান্ত। ১৯৭১ সালের বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধে উজ্জ্বল ভূমিকা ছিল সেই জাহাজের। প্রায় ৪ দশক কাজ করার পর নব্বইয়ের দশকের শেষপর্বে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি।

তারই স্মৃতিতে তৈরি হয়েছে প্রথম ‘ভারতীয়’ বিমানবাহী যুদ্ধজাহাজটি।