বিলিয়নিয়ার ক্লাবে রিহানা

আনুষ্ঠানিকভাবে বিলিয়নারদের ক্লাবে যোগ দিলেন রিহানা। নারী সঙ্গীতশিল্পীদর মধ্যে এখন সবচেয়ে ধনী তিনি।

সম্পদশালী ব্যক্তিদের নিয়ে ডাটা প্রকাশ করা বিজনেস ম্যাগাজিন ফোর্বসের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএন।

৩৩ বছর বয়সী এই পশ্চিমা পপ তারকার সম্পদের পরিমাণ ১.৭ বিলিয়ন মার্কিন ডলার (১.২ বিলিয়ন পাউন্ড)। তার মধ্যে তার ফেন্টি বিউটি কসমেটিকস কোম্পানি থেকে আসে আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার।

রিহানা সঙ্গীত ও অভিনয়ের পাশাপাশি বড় অঙ্কের অর্থ আয় করেন তার অন্তর্বাস কোম্পানি ‘সেভেজ এক্স ফেন্টি থেকে’। এই কোম্পানিটির আনুমানিক বাজারমূল্য ২৭০ মিলিয়ন ডলার।

এই বারবাডিয়ান সঙ্গীতশিল্পীর মূল নাম রবিন ফেন্টি। বিনোদন জগতের শীর্ষ ধনী অপরাহ উইনফ্রের পরে এখন তার অবস্থান।

২০১৭ সালে বিলাসবহুল পণ্যের কোম্পানি এলভিএমএইচের সঙ্গে অংশীদারিত্বে প্রসাধনী সামগ্রী প্রতিষ্ঠান ‘ফেন্টি বিউটি’ শুরু করেন রিহানা। প্রথম বছরে এই প্রতিষ্ঠান থেকে ৫৫০ মিলিয়ন ডলার আয় করেন তিনি।