নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝগড়া থামাতে গিয়ে হালিমা বেগম (৫৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার গোপালদী পৌরসভার ভিটি কলাগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হালিমা ওই গ্রামের আ. করিমের স্ত্রী।
আড়াইহাজার উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সফিউদ্দিন জানান, নিহত হালিমা বাড়ির পাশেই হাসান আলী নামক এক ব্যক্তির কাছে তার মেয়ের বিয়ে দেন। ঘটনার সময় হাসান আলী ও তার ভাই ইমাম আলী ঝগড়া লাগে। একপর্যায়ে হালিমা গিয়ে জামাইয়ের ভাই ইমাম আলীর সাথে তর্কে জড়িয়ে যান এবং ঝগড়া থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম আলী হাতে থাকা ছুরি দিয়ে হালিমাকে আঘাত করেন। পরে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় হালিমার স্বামী আ. করিমও আহত হন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামি গ্রেপ্তার অভিযান চলছে।