করোনার তৃতীয় ঢেউ সামলাতে জরুরি বৈঠক করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে এসে সেই বৈঠকে অংশ নিয়েছেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
গুরুত্বপূর্ণ বৈঠক সেরে তাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন মমতা। জানান, গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ড তার অনুপস্থিতিতেই বারবার দায়িত্ব নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এই বোর্ডেরই গুরুত্বপূর্ণ সদস্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
কভিড মোকাবিলায় মমতা যে কমিটি গঠন করেছেন তার প্রধান অভিজিৎ। বিদেশে থাকাকালীন ভার্চুয়াল মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এই কমিটির বৈঠকে অংশ নিয়েছেন। কিন্তু এ বার বৈঠক হল মুখোমুখি।
২০১৯ সালের অক্টোবরে নোবেল পুরস্কার পান অভিজিৎ। তার পরেই তাকে সম্মান জানান মমতা।
পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। দৈনিক সংক্রমণ, মৃত্যুর হার অনেকটা কম, বাড়ছে পজিটিভিটি রেট। এখন আসন্ন করোনার তৃতীয় ঢেউ। তার আগাম প্রস্তুতি সেরে রাখছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।