চিত্রনায়িকা পরীমণির সঙ্গে গ্রেপ্তার নজরুল ইসলাম রাজেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পরীমণি ও নজরুল রাজ এবং তাদের দুই সহযোগী আশরাফুল ইসলাম ও সবুজ আলীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে বনানী থানা–পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়।
ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ প্রথমে পরীমণি ও তার সহযোগী আশরাফুলের মামলায় শুনানি নেন। দুজনেরই চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন তিনি।
পরে একই আদালতে নজরুল রাজ ও তার সহযোগী সবুজের রিমান্ড শুনানি হয়। তাদেরও চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে বুধবার বিকালে রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। পরে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, পরীমণির বাসায় মিনি বার রয়েছে। মদের লাইসেন্স থাকলেও মেয়াদ পেরিয়েছে অনেক আগেই। পরীমণি, নজরুল রাজসহ এই চক্র ডিজে পার্টির আয়োজনের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করত। এসব অর্থ তারা বিভিন্ন ব্যবসার কাজে লাগাত।
এরপর বনানী থানায় পরীমণি ও নজরুল রাজের বিরুদ্ধে পৃথকভাবে ওই দুই মামলা করে র্যাব। পরীমণির বিরুদ্ধে মামলায় তার ম্যানেজার আশরাফুল ইসলামকে আসামি করা হয়। আর নজরুল রাজের সঙ্গে তার ম্যানেজার সবুজ আলীকে আসামি করা হয়।