অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বাংলাদেশ এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। হাতছানি দিচ্ছে শক্তিশালী প্রতিপক্ষকে প্রথমবার কোনো সিরিজে হারানোর সুযোগ। সেই সুযোগটা পূর্ণতা পাবে আর একটি জয়ে। যেভাবে সিরিজের প্রথম দুই ম্যাচ হয়েছে, বাকি তিন ম্যাচে এক জয় অসম্ভব নয়। কিন্তু বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এই সময়েও সতর্ক থাকার পরামর্শ দিলেন। মাহমুদউল্লাহ-সাকিব আল হাসানদের বললেন, সিরিয়াসনেসের যেন কমতি না থাকে। কারণ, অস্ট্রেলিয়া এই অবস্থা থেকেও ঘুরে দাঁড়াতে পারে।
বিসিবি প্রধানের কাছে এই সিরিজে সবচেয়ে ইতিবাচক দিক তরুণদের খেলা। আফিফ হোসেন, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান এমনকি নুরুল হাসান সোহানরা এই প্রথম স্টার্ক-হ্যাজেলউডদের মুখোমুখি হয়েও সাহসী খেলা খেলেছেন। এই দিকটিকেই বড় করে দেখছেন পাপন, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া। এখন আর অভিজ্ঞদের দিকে তাকিয়ে থাকতে হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সতর্কতাও দিয়েছেন প্রথম দুই ম্যাচের আক্রমণাত্মক মানসিকতা যেন বাকি ম্যাচগুলোতেও থাকে। না হলে সিরিজ জয়ের বদলে হারতে হবে বাংলাদেশকে। বিসিবি প্রধান বলেন, ‘সিরিজ জিতবে কিনা তা বলা মুশকিল। অস্ট্রেলিয়া অনেক পেশাদার দল। ওরা শেষ পর্যন্ত লড়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কাজেই আমরা যদি যেভাবে খেলে আসছি এবং আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি আমি মনে করি আমাদের সিরিজ জেতার আর কোনো কারণ না থেকে পারে না। কিন্তু আমরা যদি কখনো মনে করি, একবারও যদি আমাদের মনে হয় যে আমরা দুটো জিতেছি আর বাকিগুলোর যেকোনো একটিতে এমনি এমনি আমরা জিতে যাব তাহলে এ ধরনের চিন্তা নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে জেতা যাবে না। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।’