ধামরাইয়ে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

ঢাকার ধামরাইয়ে সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে নাছরিন আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে সুস্থ আছে নবজাতকটি। ঘটনার পরপরই গা-ঢাকা দিয়েছেন অপারেশনে অংশ নেওয়া চিকিৎসকরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটিকে অর্থের লোভ দেখিয়ে থানায় অভিযোগ না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে নাছরিনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অপারেশনের পর স্ট্রোকে রোগীর মৃত্যু হয়েছে।

সেফ লাইফ হাসপাতালে গত সোমবার রাতে রোগীর মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হয় বুধবার সকালে। নিজ বাড়ি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে ওই নারীর দাফন করা হয়। নিহত নাছরিন বাঙ্গালপাড়া গ্রামের মৃত আলী হোসেন বেপারির মেয়ে। তার স্বামীর নাম শাকিল হোসেন।

নিহতের বড় বোন শাহানা বেগম বলেন, ‘হাসপাতালের মালিক ইমন আমাদের এক লাখ টাকা দিতে চায় মীমাংসার জন্য। আমরা নেই নাই। গতকাল সন্ধ্যার পর ওরা জানায়, আজকে দেড় লাখ টাকা দেবে।’

এ বিষয়ে হাসপাতালের স্বত্বাধিকারী মালেকা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ডাক্তার অপারেশন করে চলে গেছে, তখনতো রোগী সুস্থ। পরে স্ট্রোক করে মারা গেছে।’

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর-ই-রিফফাত আরা বলেন, ‘রোগী মারা যাওয়ার বিষয়টি আমি জানি না। রোগীর পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’