রাজধানীর ফকিরাপুলে কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মাহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, সুভাষ কুমার সরকার ওরফে আব্দুর রহমান সোহাগ (২৪) ও কবির হোসেন (৩৫)।
বৃহস্পতিবার গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম তাদের গ্রেপ্তার করে।
গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে জানান, চক্রটি ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য রাজধানীর ফকিরাপুল যাত্রী ছাউনির সামনে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বেশ কিছুদিন ধরে মাদক এনে রাজধানীর পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করত। মফিজ নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে তারা ইয়াবা কিনত বলে জানায়।