স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনলাইন চিত্র প্রদর্শনী ‘কোভিড ডায়েরিজ- ২য় খণ্ড’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন জেআরএন ভিজুয়ালস ক্লাব আয়োজিত অনলাইন চিত্র প্রদর্শনী ‘কোভিড ডায়েরিজ- দ্বিতীয় খণ্ড’র উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার রাতে অনলাইন এ চিত্র প্রদর্শনী করা হয়। অনলাইনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী নকী, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান জনাব কাজী আবদুল মান্নান ও অন্যান্য শিক্ষকমণ্ডলী। এছাড়াও বিভাগের বর্তমান ও প্রাক্তন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপাচার্য মোহাম্মদ আলী নকী প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করে তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘ফটোগ্রাফিতে নিজস্ব একটা বক্তব্য থাকতে হবে। কোনো কোনো ছবি ইতিহাসকে ধারণ করে।’ তিনি বিভিন্ন ছবির দিক নিয়ে কথা বলেন এবং চিত্রগ্রাহক শিক্ষার্থীদের প্রশংসা করেন।

বিভাগীয় চেয়ারম্যান জনাব কাজী আবদুল মান্নান আয়োজকদের ধন্যবাদ দিয়ে তার শুভেচ্ছা বক্তব্যে সকল শিক্ষার্থীকে কভিড পরিস্থিতিতে সচেতন থেকে কাজ করতে উৎসাহ প্রদান করেন। 

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থী আল আমিন তুষার বলেন, ‘এই আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত। অনেক নতুন জিনিস শিখতে পেরেছি এই প্রদর্শনীতে অংশগ্রহণের মধ্য দিয়ে।’

আরেকজন শিক্ষার্থী সাজিয়া আফরিন সৃষ্টি জানান, ‘নিজের ছবি প্রথমবারের মতো কোনো প্রদর্শনীতে আছে দেখে ভালো লাগছে। তবে এটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলে আরও বেশি ভালো লাগতো।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের তোলা ছবির এই প্রদর্শনী চলবে আগামী ৮ আগস্ট, ২০২১ পর্যন্ত।

https://artspaces.kunstmatrix.com/en/exhibition/7459215/covid-diaries-part-2 এই ঠিকানা থেকে যে কেউ বিনা মূল্যে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।

এর আগে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে ছবি ও আর্ট ওয়ার্ক আহ্বান করা হয়। তাদের তোলা ও আঁকা শতাধিক ছবি থেকে বাছাইকৃত ৩৬ টি ছবি ও দুইটি ফটো স্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয় ।

উল্লেখ্য, ২০২০ সালের ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট ‘কোভিড ডায়েরিজ’ শিরোনামে প্রথম অনলাইন চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।