নাগরপুরে ধর্ষণ মামলা করে হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

টাঙ্গাইলের নাগরপুরে সৌদিপ্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী (৩১) ধর্ষণের শিকার হয়ে মামলা করেছেন।

গত ৫ আগস্ট মামলা দায়েরের পর থেকে অভিযুক্তের পরিবারের হুমকিতে প্রাণ ভয়ে ওই নারী পালিয়ে বেড়াচ্ছেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রতিবেশী মৃত সমেজ মিয়ার ছেলে হাকিম (৪০) প্রায়ই ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিত। হাকিমের কু-প্রস্তাবে রাজি না হলে গত ৫ মে রাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে ও তার দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় হাকিম।

ধর্ষণের ঘটনার পর ওই গৃহবধূ গর্ভবতী হয়ে পড়েন। বিষয়টি ধর্ষক হাকিম জানতে পেরে ১৬ জুলাই সকালে গৃহবধূর বাড়িতে গিয়ে জোরপূর্বক ওষুধ দিয়ে গর্ভপাতে বাধ্য করে সে। গর্ভপাতের ফলে ওই গৃহবধূ অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে নাগরপুর থানায় ধর্ষণ মামলা (মামলা নং-০১, তাং-৫/০৮/২১) দায়ের করেন ওই গৃহবধূ।

মামলা করার পর থেকে অভিযুক্ত হাকিমের পরিবারের অব্যাহত হুমকিতে গৃহবধূ ও তার পরিবার প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হাকিমের মুঠোফোনে যোগযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মনোয়ার হোসেন জানান, অভিযুক্ত হাকিম পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হুমকির বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।