সুপার শপ স্বপ্ন’র সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা লুট

সুপার শপ স্বপ্ন’র ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার নওগাঁ, গাইবান্ধা ও ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তাররা হলো নাসিমুল ইসলাম, রেহানুর হাসান রাশেদ ও রাইসুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে হ্যাকিং-এর কাজে ব্যবহৃত ৬টি মোবাইল সেট, ২টি ল্যাপটপ ও একটি সিপিইউ, ক্রিপ্টোকারেন্সি, নগদ টাকা, ইলেকট্রনিক কার্ড ও ‘স্বপ্ন’ ই-ভাউচারের মাধ্যমে কেনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গতকাল রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, ওয়েবসাইটের মাধ্যমে সারা দেশের ১৮৬টি আউটলেটের সেলস মনিটরিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কর্মী ব্যবস্থাপনা, আর্থিক লেনদেনের হিসাব, ডিজিটাল ভাউচার ম্যানেজমেন্টসহ সব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে স্বপ্ন। তাদের এই ডিজিটাল সিস্টেমটি অ্যাডভান্স সাইবার সিকিউরিটি প্রটোকল অনুযায়ী অত্যন্ত সুরক্ষিত করে তৈরি করা হয়েছিল। তবুও শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে ব্রিচ করে বিপুল অংকের অস্বাভাবিক ও সন্দেহজনক ডিজিটাল ভাউচার জেনারেট করে বিক্রি করে অভিযুক্তরা। গত মাসের মাঝামাঝিতে বিষয়টি স্বপ্ন কর্র্তৃপক্ষের নজরে আসে। পরে ডিএমপির সিটিটিসি বিভাগের কাছে অভিযোগ করে তারা।

তিনি আরও জানান, ১৮ লাখ টাকা মূল্যের ডিজিটাল ভাউচার তৈরির পর ফেইসবুক গ্রুপের মাধ্যমে ২৫টি ভাগ করে কয়েকটি ই-কমার্স ইউজারদের কাছে বিক্রি করে অভিযুক্তরা। এভাবে তারা জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে জমা করে।