রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের ঠিক উপরে জুতোর বিজ্ঞাপন। বিশ্বকবির প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সরকারি পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে এমনই দৃশ্য ধরা পড়ে। তা নিয়ে হইচই শুরু হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, প্রবল বিতর্কের মুখে খুলে নেওয়া হয় বিজ্ঞাপন। দুর্গাপুর পৌর কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
রবিবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মূর্তিতে মালা দিতে গিয়ে বিজ্ঞাপনটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের।
ভাস্কর্যের একেবারে উপরে জুতোর বড়সড় বিজ্ঞাপন ছিল। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।
বাসিন্দাদের দাবি, শুধু জুতার বিজ্ঞাপন নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের সামনেই একটি রেস্তোরাঁ গজিয়ে উঠেছে। ভাস্কর্যের সামনেই নষ্ট হয়ে যাওয়া খাবার ফেলা হয়। বৃষ্টির সময় ভাস্কর্যের সামনে আচ্ছাদন দিয়ে ঘিরে দেন দোকানের মালিক। তা নিয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। এখন তারা চান ভাস্কর্যের সামনে একটি বাগান তৈরি করা হোক।
রবিবারের ঘটনায় বিতর্ক বাড়তে থাকায় জুতার বিজ্ঞাপন ঢেকে দেয় এজেন্সি। পরে তা খুলে দেওয়া হয়।