মন্দির ও ঘরবাড়িতে হামলার ঘটনায় বিচার চেয়েছে জাসদ

খুলনার রূপসায় হিন্দুদের মন্দির, ঘরবাড়ি, দোকানে হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়েছে জাসদ। পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তুলেছে দলটি।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার সোমবার এক বিবৃতিতে এ সব কথা বলেন।

সেখানে বলা হয়, গত ৭ আগস্ট খুলনার রূপসায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের মন্দির, ঘরবাড়ি ও মন্দিরে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন তারা।

এই হামলার সঙ্গে যুক্ত চিহ্নিত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জাসদ নেতারা।

তারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এ ছাড়া রূপসায় আক্রান্ত সংখ্যালঘুদের পাশে দলের স্থানীয় নেতা-কর্মীদের বলিষ্ঠভাবে দাঁড়ানোর নির্দেশ দেন।