পরীমণি-পিয়াসা কাণ্ডে কাউকে হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চিত্রনায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসার সঙ্গে সম্পর্ক থাকা অনেকের নামের তালিকা পাওয়ার খবর ছড়ালেও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি করা হবে না।

পরীমণি, পিয়াসা ও মডেল মরিয়ম আক্তার মৌর বাসায় যাতায়াত ছিল, এমন ব্যবসায়ী বা ব্যক্তিদের তালিকা হচ্ছে বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে খবর এসেছে।

রিমান্ডে পরীমণি কিংবা পিয়াসা কি কারও নাম বলেছেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, “কারও নাম বললেই কি হবে নাকি? যাচাই- বাছাই রয়েছে না। আপনারা (সাংবাদিক) ভালো করে প্রচার করেন যে, কাউকে হয়রানি করা হবে না।”

এদিকে, চিত্রনায়িকা পরীমনি ও মডেল পিয়াসার সঙ্গে ছবি দেখিয়ে তা প্রকাশের হুমকি দিয়ে কারও কারও কাছ থেকে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুই-তিনজন ব্যবসায়ী ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বলেও খবর এসেছে।

এ বিষয়ে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা আমার কাছে আসেননি। তবে আমি শোনার পর আইজিপিকে ব্যবস্থা নিতে বলেছি।”

সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি ‘গ্রুপ’ চাঁদাবাজি করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। ভুক্তভোগীরা এসব চাঁদাবাজদের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।