জুয়েল রানার হ্যাটট্রিক

মুক্তিযোদ্ধার কাছে হারের পর শেখ জামালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা আবাহনী কাল জয়ে ফিরেছে। শিরোপা স্বপ্ন আগের ম্যাচেই শেষ হওয়ার পর আকাশিরা আরামবাগকে হারিয়েছে ৬-১ গোলে। শেখ জামালকে পেছনে ফেলে দুইয়ে ওঠার ম্যাচে হ্যাটট্রিক করেন জুয়েল রানা। ১৯ মিনিটে নাইজেরিয়ান সানডে চিজোবার বানানো বল ধরে আগুয়ান কিপারকে পরাস্ত করে অসাধারণ গোল করেন জুয়েল। দু’মিনিট পর ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তোর চিপ ধরে বক্সে ঢুকে দূরের পোস্টে জমা করতে ভুল করেননি এই উইঙ্গার। ৪২ মিনিটে ৩-০ করেন সানডে।

হাইতিয়ান কারভেন্স বেলফোর্টের বাড়ানো বলে সানডের প্লেসিং রুখতে পারেননি আরামবাগ গোলকিপার। ৬৯ মিনিটে বদলি স্ট্রাইকার ফরহাদ আহমেদ শিতলের গোলে চতুর্থ গোলের দেখা পায় আবাহনী। ৭৯ মিনিটে আরামবাগের হয়ে এক গোল শোধ দেন উজবেক ফরোয়ার্ড দিলশদ নাজিরভ। ৮৮ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন সোহেল রানা। আর যোগ করা সময়ে গোলমুখ থেকে হেড করে হ্যাটট্রিক পূরণ করেন জুয়েল রানা।