খুনি মোশতাক-জিয়া গংদের বিচার করতে না পারা জাতির দুর্ভাগ্য: বাহাউদ্দিন

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ১৫ আগস্ট খুনি মোশতাক-জিয়া গংরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেননি, বাঙালি জাতির স্বপ্নকেও হত্যা করেছিল।

তিনি বলেন, ‘মোশতাক জিয়া বেঁচে থাকলে তারাই হতো জাতির পিতা হত্যার প্রধান আসামি। তারা মারা যাওয়ায় তাদের বিচার করা যায়নি। এটা জাতির জন্য দুর্ভাগ্য।’

মঙ্গলবার সকালে তুরাগ থানার নেসারিয়া দাখিল মাদ্রাসা মাঠে তুরাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঘাতক মোশতাক-জিয়া গংরা তখন অপরাজনীতি শুরু করেছিল, আইএসআই’র সঙ্গে হাত মিলিয়েছিল। তারা ভেবেছিল- মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে পারবে। তারা বোঝেনি আদর্শকে হত্যা করা যায় না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জাতির পিতার কন্যা দেশে এসে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একত্রিত করে দেশের মানুষের অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। সারাদেশের মানুষকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। মানুষের জন্য তিনি কাজ করছেন।’

তিনি বলেন, পঁচাত্তরের খুনি ও বিএনপি-জামায়াতের লক্ষ্য এক ও অভিন্ন। জাতির পিতার ঘাতকদের উত্তরাধিকার হিসেবে কাজ করছেন (বিএনপি মহাসচিব) মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও মিথ্যাচারে ব্যস্ত। তারা টিকা নিয়ে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছেন।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব হাসান, মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি প্রমুখ।