‘পরীমণিসহ মডেলদের বাসায় যাতায়াতকারীদের তালিকা হচ্ছে না’

চিত্রনায়িকা পরীমণিসহ কথিত মডেলদের বাসায় যাতায়াতকারী কোনো ব্যক্তি বা ব্যবসায়ীর তালিকা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এ ব্যাপারে কাউকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে না বলেও জানান তিনি।

মঙ্গলবার ডিএমপি কমিশনার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, পরীমণি ইস্যুতে কোনো ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক বা প্রতারণা নিয়ে কোনো পক্ষেরই অভিযোগ নেই। তাই কোনো তালিকা করারও সুযোগ নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত কথিত মডেলদের সঙ্গে সমাজের বিশিষ্টজনের নাম জড়িয়ে একটি চক্র চাঁদাবাজি করছে বলেও জানান শফিকুল ইসলাম।

তিনি বলেন, পরীমণি, ফারিয়া মাহবুব ও মরিয়ম মৌ’র সঙ্গে বিভিন্ন ব্যক্তির ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি গ্রুপ চাঁদাবাজি করছে বলে তথ্য পেয়েছে পুলিশ।

ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত তিনজন বিশিষ্ট ব্যক্তি এই ধরনের চাঁদাবাজির শিকার হওয়ার কথা পুলিশকে জানিয়েছে। ভুক্তভোগীর অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘এ ব্যাপারে দায়ের করা মামলাগুলো পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) তদন্ত করছে। আমি সিআইডি প্রধানের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তিনি আমাকে পরিষ্কার জানিয়েছেন, এ ব্যাপারে কোনো তালিকা তৈরি বা কাউকে গ্রেপ্তারের আইনগত কোনো ভিত্তি নেই। এ ধরনের তালিকা তৈরিতে পুলিশ বা কোনো সংস্থা কাজ করছে বলেও জানান তিনি।’