পিএসজির সঙ্গে চুক্তি করতে প্যারিসে মেসি

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সাড়তে প্যারিসে পৌঁছেছেন লিওনেল মেসি।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় প্যারিসে পৌঁছান মেসি। এদিনই দুই পক্ষের চুক্তি হয়ে যেতে পারে।

পিএসজি এখনো কিছু চূড়ান্ত না করলেও তাদের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। যা মেসির সঙ্গে চুক্তি সাক্ষরের ঘোষণা আসার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

এর আগে বাংলাদেশ সময় বিকেলে নিজের ব্যক্তিগত বিমানে বার্সেলোনা থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা করেন মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও তিন সন্তান।

মেসি আসার খবরেই পিএসজি ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মেসি প্যারিসে পৌঁছাতেই শহরটি রূপ নিয়েছে উৎসবের নগরীতে।

খবর অনুযায়ী, মেসির সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে পিএসজি। তবে আরো এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

পিএসজির সঙ্গে চুক্তি হলে আবারো নেইমারের সঙ্গে জুটি বেঁধে খেলতে দেখা যাবে মেসিকে। পাশে পাবেন আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়াকেও। রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস।

গত জুনে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ‘ফ্রি এজেন্ট’  ছয় বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। শৈশবের ক্লাবের সঙ্গেই নতুন চুক্তি হওয়ার কথা ছিল ৩৪ বছর বয়সীর। কিন্তু লা লিগার বেতন সীমা, ক্লাবের ‘আর্থিক ও কাঠামোগত বাধা’র কারণে এই সুপারস্টারকে দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে বার্সা। বলতে গেলে দুই পক্ষেরই ইচ্ছের বিরুদ্ধেই তাদের ১৭ বছরের সম্পর্কের ইতি ঘটেছে।

গত ৫ আগস্টই বার্সেলোনা জানিয়ে দেয়, মেসির সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না তাদের। আর ৮ আগস্ট বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলন করে বার্সা অধ্যায় শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন মেসি নিজে।