আয়ারল্যান্ডের বেলফাস্টে আজ উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চেলসি ও ভিয়ারিয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ২০২০-২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ জয়ী দলের মধ্যে হয়ে থাকে এই সুপার কাপ।
গেল মৌসুমে চেলসি ১-০ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে জিতেছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। আর ভিয়ারিয়াল টাইব্রেকারে (১১-১০ গোলে) ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে যেতে ইউরোপা লিগ। দু’দল এই প্রথম মর্যাদার এই ম্যাচে মুখোমুখি হচ্ছে। সুপার কাপে এ নিয়ে পঞ্চমবার খেলছে চেলসি। প্রথমবার অংশ নিয়েই ১৯৯৮ সালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে। এ ছাড়া ২০১২ ও ২০১৩ সালে আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায়। সর্বশেষ ২০১৯ সালে হারে লিভারপুলের কাছে। অন্যদিকে ভিয়ারিয়াল এবারই প্রথম খেলছে উয়েফা সুপার কাপ। স্পেনের ষষ্ঠ ক্লাব হিসেবে ইউরোপসেরা হওয়ার সুযোগ ভিয়ারিয়ালের সামনে। এর আগে বার্সেলোনা (৫), রিয়াল মাদ্রিদ (৪), আতলেতিকো মাদ্রিদ (৩), ভ্যালেন্সিয়া (২) ও সেভিয়া (১) মিলে সর্বোচ্চ ১৫ বার জিতেছে সুপার কাপ। বার্সার মতো এসি মিলান সর্বোচ্চ পাঁচবার জিতেছে এই ম্যাচ।