সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে পিন্টু শেখ (৪০) নামে অসুস্থ আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়াল।
এর আগে সোমবার আরও তিনজনের মৃত্যু হয়। এদিকে সদর থানা পুলিশ সোমবার রাতে কামারখন্দ এলাকা থেকে স্পিরিট বিক্রেতা সনজিদ কুমার ভৌমিককে বিপুল পরিমাণ স্পিরিটসহ আটক করেছে।
সিরাজগঞ্জ সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, গত শনিবার ওই ৬ ব্যক্তি পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলা সদরের কাকলী হোমিওপ্যাথি দোকানদার সনজিদ কুমার ভৌমিকের কাছ থেকে রেকটিফাইড স্পিরিট কিনে শ্যামপুর শ্মশানঘাটের কালিমন্দিরের পাশে বসে পান করেন। পরে রবিবার রাতে বিষক্রিয়ায় ৬ জনই অসুস্থ হয়ে পড়েন।