সিআরবি রক্ষায় নাগরিক সমাজের সংবাদ সম্মেলন

প্রস্তাবিত হাসপাতাল সরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সিআরবিতে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ অন্যত্র সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম নাগরিক সমাজ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। কালচার অ্যান্ড হেরিটেজ ঘোষিত চট্টগ্রামের সিআরবি’র প্রাণ-প্রকৃতি ধ্বংস করে যারা হাসপাতাল নির্মাণের পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শক্র বলে মন্তব্য করেছেন সমাজ বিজ্ঞানী একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. অনুপম সেন। তিনি বলেন, ‘সিআরবি রক্ষায় চট্টগ্রামের মানুষ, তথা সারা দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষায় আমরা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হস্তক্ষেপ চাই।’

গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআরবি থেকে প্রস্তাবিত হাসপাতাল ও কলেজ নির্মাণ প্রকল্প অন্যত্র স্থানান্তরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নাগরিক সমাজ, চট্টগ্রামের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক সমাজ, চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, সিআরবি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে পরিবেশ দূষণ ঘটবে এবং পুরো সিআরবি এলাকাটির প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, রাজনীতিবিদ মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, প্রফেসর মো. হোসাইন কবির, পরিবেশ বিজ্ঞানী ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।