শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে গতকাল মঙ্গলবার দিনভর ঢাকামুখী যাত্রীর ঢল নামে। লকডাউন শিথিলের আগের দিন গতকাল সকাল থেকেই এ চিত্র পরিলক্ষিত হয়েছে। ব্যস্ততম এ নৌরুটে দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীসাধারণ ছুটতে শুরু করে ঢাকার উদ্দেশে। স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতেই যাত্রী পারাপারে যত ভিড় লক্ষ করা যায়। দুপুর আড়াইটার দিকে শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় থাকে চার শতাধিক যানবাহন। বর্তমানে নৌরুটে সাতটি ফেরি চলাচল করছে। ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিলেও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকায় যেতে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহম্মেদ জানান, নৌরুটে ছোট-বড় মিলিয়ে বর্তমানে সাতটি ফেরি সচল রয়েছে। ফেরিতে শত শত যাত্রী ছুটে আসছে। চার শতাধিক ছোট-বড় গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।