ছুরি মেরে খুন করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর কদমতলী এলাকা থেকে সাগর শিকদার (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে শ্যামপুর হাইস্কুল রোডের বেলতলা গলি থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। সাগরের স্বজন ও পুলিশ জানিয়েছে, তার পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কদমতলী থানার ওসি জামাল উদ্দিন বলেন, গতকাল ভোরে ৯৯৯-এ কল পেয়ে শ্যামপুর হাইস্কুল রোডের বেলতলা থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এসে লাশটি শনাক্ত করেন তার স্বজনরা। পরে ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিয়ে যান তারা।

ওসি আরও বলেন, অটোরিকশা চালক সাগর সোমবার রাতে বাসা থেকে বের হন। ধারণা করা হচ্ছে, সাগরকে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সাগরের ভগ্নিপতি মো. শাহিন বলেন, সাগর পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর গ্রামের মৃত রতন শিকদারের ছোট ছেলে। তার স্ত্রী বাড়িতে থাকেন। সাগর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে থাকতেন।