দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবরে দিনাজপুরের হাকিমপুরে হিলিতে এর দাম কমেছে কেজিতে ৪০ টাকা। হিলি বাজারে এক দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে কেজিতে ১৬০ টাকা। গতকাল মঙ্গলবার তা কমে ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মনতাজ আলী বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে পণ্যটির সরবরাহ কম ছিল। প্রতিদিনই এর দাম বাড়ছিল। বর্তমানে শুধু নওগাঁ অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন অব্যাহত রয়েছে, সেখান থেকে নিয়ে এসে বাজারে সরবরাহ করা হচ্ছে। গত কয়েক দিনের তুলনায় মোকামে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এছাড়াও বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হওয়ার খবরে দাম কমতে শুরু করেছে।’