করোনা: কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যু ও ১৮০ আক্রান্ত

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ২ করোনা আক্রান্ত ও ১ উপসর্গধারীসহ ৩ রোগীর মৃত্যু হয়েছে।

একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৫২০টি নমুনা পরীক্ষা করে ১৮০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।

হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, করোনা পজিটিভ নিয়ে ১৫৯ জন ও উপসর্গ নিয়ে ৩২ জন মোট ১৯১ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আরও বলেন, গ্রামের মানুষ আক্রান্ত হয়েও সময় মতো নমুনা পরীক্ষা করে না এবং অক্সিজেন লেভেল একেবারে নিম্ন পর্যায়ে এসে ঠেকে যাচ্ছে তখনই আসছেন হাসপাতালে। হাসপাতালে আসার পর এসব রোগীদের সব রকম চিকিৎসা দিয়েও রক্ষা করা যাচ্ছে না।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৫২০টি নমুনা পরীক্ষায় ১৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।

আরও জানান, এ সময়ের মধ্যে চিকিৎসাধীন ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়াল ৬৫০ জনের।