মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন আর করোনা উপসর্গ নিয়ে চারজন মারা যান।

বুধবার করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ কথা জানিয়েছেন।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ছয়জন, নেত্রকোনার দুজন, জামালপুর ও শেরপুরের একজন করে রয়েছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নাজমুল হোসেইন (৬৮) ও ফাতেমা (৮০), ভালুকা উপজেলার নুরজাহান পারভীন (৬০), জামালপুর সদরের আবুল হাসেম (৭০), নেত্রকোনার মদন উপজেলার বকুলা আক্তার (৬৭) এবং শেরপুর সদরের রহিমা (৪৫)।

উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের আমেনা (৮০), এস কে এম হারেস উদ্দিন (৭০) ও জয়নাল আবেদীন (৭৫) এবং নেত্রকোনা সদরের মঞ্জুরা (৪০)।

ডা. মহিউদ্দিন মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৯ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪২৪ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫০ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৩টি নমুনা পরীক্ষায় আরও ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ।