সিনোফার্মের আরও ৬ কোটি টিকা ক্রয় অনুমোদন

সিনোফার্ম থেকে আরও ছয় কোটি ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা কিনতে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

টিকার মূল্য প্রকাশ না করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আগে যে দামে কিনেছি, তার চেয়ে বাড়েনি।’

তিনি বলেন, ‘মোট ১৩ কোটি ৮২ লাখ মানুষকে ভ্যাকসিন দিতে হবে। এতে ২৭ কোটি ৬৪ লাখ ডোজ লাগবে। এখন পর্যন্ত দুই কোটি ৫৫ লাখ কিনেছি।’

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, আজকের অনুমোদিত ভ্যাকসিন নভেম্বর আসতে পারে।

এর আগে সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে সরকার। এর মধ্যে ৭০ লাখ ডোজ হাতে পেয়েছে। এছাড়া উপহার হিসেবে পেয়েছে ১১ লাখ ডোজ।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দুই ডোজ মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৬৮ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে দেশের ১ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৪৬২ জন মানুষ টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৬৩০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ৪৭ লাখ ৩২ হাজার ৮৩২ জন।

আরও পড়ুন... কোভিশিল্ড ১ কোটি ও সিনোফার্মের টিকা নিয়েছে ৭০ লাখের বেশি মানুষ