সোনার বার লুট: ফেনী ছয় গোয়েন্দা কর্মকর্তার রিমান্ড মঞ্জুর

এক ব্যবসায়ীকে আটক করে ২০টি সোনার বার লুট করার অভিযোগে করা মামলায় ফেনীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শকসহ ছয় কর্মকর্তার বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ খান এ আদেশ দেন।

গ্রেপ্তার ছয় গোয়েন্দা কর্মকর্তা হলেন- ফেনী ডিবির পরিদর্শক মো. সাইফুল ইসলাম, উপপরিদর্শক মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপপরিদর্শক অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করার কথা জানান ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী। তিনি বলেন, লুট হওয়া সোনার বারগুলোর মধ্যে ১৫টি উদ্ধার করা হয়েছে।

আদালত আজ পরিদর্শক মো. সাইফুল ইসলামের ৪ দিনের এবং বাকি কর্মকর্তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এই ছয় কর্মকর্তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামউদ্দিন এই তথ্য জানান। শুনানি শেষে আদালত ছয় কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে এই ছয় পুলিশ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানান ফেনীর এসপি খোন্দকার নূরুন্নবী।

পুলিশ সুপার জানান, গত রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের নিচে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসকে আটক করে তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে যায় অভিযুক্তরা।

মঙ্গলবার গোপাল কান্তি দাস এ বিষয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগের পর তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর রাত সাড়ে ১১টায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগকারী ব্যবসায়ী জানান, ২০টি স্বর্ণের বারের দাম এক কোটি ২৪ লাখ টাকা।

আরও পড়ুন... পুলিশে নিম্নপদের বিনিময়ে উচ্চপদ সৃষ্টির প্রস্তাব