পিয়াসা, পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি, কবির কারাগারে

মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও কবির হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার এ আদেশ দেন।

এর আগে গুলশান ও ভাটারা থানায় করা পৃথক দুটি মাদক মামলায় ফারিয়া মাহবুব পিয়াসাকে আদালতে হাজির করে মোট ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ফারিয়া মাহবুবের রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জুনায়েদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ছাড়া পরীমণির বিরুদ্ধে করা মামলার অপর আসামি কবির হোসেনকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত তাকে রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।