নব্য জেএমবির সামরিক শাখার প্রধান জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হচ্ছে সাইফুল ইসলাম মারুফ ওরফে বাসিরা ও রুম্মান হাসান ফাহাদ ওরফে আবদুল্লাহ। মঙ্গলবার রাতে কাফরুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিস্ফোরক, জিআই পাইপ, রিমোট কন্ট্রোল ডিভাইস, লোহার বল ও সাংগঠনিক কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান পুলিশের উপমহাপরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, বড় কোনো কেমিক্যাল সাপ্লাই কোম্পানিতে চাকরি করে সেখান থেকে বিস্ফোরক সামগ্রী নিয়ে আইইডি তৈরির পরিকল্পনাও করেছিলেন ফোরকান। তিনি শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ কারাতে ফেডারেশনের আওতাধীন মিরপুর ইনডোর স্টেডিয়াম থেকে কারাতে প্রশিক্ষণও নেন। সর্বশেষ তিনি ড্রোন বানানোর পরিকল্পনা করেছিলেন। ড্রোনের সঙ্গে এক্সপ্লোসিভ যুক্ত করে কোনো জায়গায় আক্রমণের পরিকল্পনা করছিলেন। সিটিটিসির প্রধান বলেন, অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন ফোরকান। গত কয়েক বছরে ১০-১২টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা চালায় নব্য জেএমবির সদস্যরা।