ড্র হওয়া ট্রেন্টব্রিজ টেস্টে শাস্তির মুখে পড়েছে ভারত-ইংল্যান্ড দুদলই। স্লো ওভার রেটের জন্য তাদের দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, দুই দলের প্রত্যেক সদস্যের ম্যাচ ফির ৪০ শতাংশও কেটে নেওয়া হয়েছে। প্রথম টেস্ট ড্র হওয়ায় দুদল ৪ পয়েন্ট করে পেয়েছিল। দুই ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো এবং তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের রিপোর্টের ভিত্তিতে আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি ক্রিস ব্রড গতকাল ভারত ও ইংল্যান্ডের শাস্তিবিধান করেন। আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। প্রথম টেস্টে নির্ধারিত সময়ে ২ ওভার পিছিয়ে ছিল ভারত ও ইংল্যান্ড।
ফলে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারায় প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য সংশ্লিষ্ট দলের ১ পয়েন্ট করে কেটে নেওয়ার শাস্তিবিধান রয়েছে। তাই দুই দলের ২ পয়েন্ট করে কাটা হয়েছে।