চৌহালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে বালুমহাল স্থাপনের প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেতিল বাজারে এ সমাবেশ ও মানববন্ধন হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ দীর্ঘদিন ধরে যমুনার চরে ব্যক্তিমালিকানাধীন জমিতে জোরপূর্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে। এ ছাড়া গত জুন মাসে ইউনিয়নের উড়াপাড়া, দুলিয়াবাড়ি, গাবেরপাড়া, বিনদহ, দেওয়ানতলা, শাহজাদাপাড়া, উল্লাপাড়া, মৌহালি, হোনকুলসী ও তারাবাড়িয়া এলাকার ব্যক্তিমালিকানাধীন জমিতে বালুমহাল স্থাপনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। তার এ অপতৎপরতা আমরা কখনো মেনে নেব না। এসব জমিতে বালুমহালের অনুমতি দেওয়া হলে আমরা লংমার্চ ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দেব।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ বলেন, ‘নির্বাচনে পরাজিত প্রার্থীরা ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে এ মানববন্ধন করেছেন। ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ড সার্ভে করে বালুমহালের স্থান নির্ধারণ করে থাকে। এখানে আমার কোনো হাত নেই।’

চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান বলেন, ‘মানববন্ধনের বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’