আগামী ১৫ দিনের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। করোনা আক্রান্ত মানুষের সেবা নিশ্চিত করছে, শুধু তাই নয়, লকডাউনে অসহায় মানুষের বাড়ি বাড়ি খাবার পাঠিয়ে দিয়েছে সরকার। আশা করি আগামী ১৫ দিনের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট তৈরির প্রকল্প এলাকা পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। পরে পরিকল্পনামন্ত্রী ২ কোটি ১৩ লক্ষ ৭৭ হাজার ১৭৩ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ৫০ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন করেন।