জাতীয় বিশ্ববিদ্যালয়

বাড়তি ফি মওকুফের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার সেশন চার্জ ও পরীক্ষার রেজিস্ট্রেশন ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নগরের সিঅ্যান্ডবি রোড চৌমাথা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা অনতিবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি নেওয়া ও সেশন চার্জ কমানোর দাবি জানান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, করোনা মহামারীর কারণে গত দুই বছর ধরে কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া করোনা ও ‘লকডাউনের’ প্রভাবে সবার অর্থনৈতিক দুরবস্থা চলছে। তার ওপর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত ফির বাইরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওপর জোর করে সেশন চার্জ, সেমিনার চার্জ, শিক্ষা সফর, ম্যাগাজিন, যানবাহন ফির মতো নানান অযাচিত ফি চাপিয়ে দিয়েছেন। যা শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব নয়।

আন্দোলনে হামলা, প্রতিবাদে বিক্ষোভ : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফরম ফিলাপসহ অন্যান্য ফি কমানোর দাবিতে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচির পর তাদের ওপর হামলার অভিযোগে এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা বিজন ও ছাত্রনেতা আসাদের ওপর হামলা চালানো হয়।