আসল ডিবির হাতে ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার

সাভারে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে এক ফল ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির সময় আসল ডিবি পুলিশের হাতে আটক হয়েছে এক ভুয়া ডিবি পুলিশের সদস্য। এ ঘটনায় ভুক্তভোগী ফল ব্যবসায়ী লিখিত অভিযোগ করলে গতকাল  বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভুয়া ডিবি সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যের নাম মনির হোসেন (৩৫)। তিনি বরিশালের আগৈলঝড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে মনির নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী বলেন, গত বুধবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার ফলের আড়তে ফল ব্যবসায়ী কামালের কাছে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে ৩০ হাজার টাকা দাবি করেন মনির। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি আসল ডিবি পুলিশকে জানান স্থানীয়রা।