১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দিবসটি কেন্দ্রীয়ভাবে পালন করবে জাতীয় পার্টি।
জাপা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ পাটির শীর্ষ নেতৃবৃন্দ।
এরই ধারাবাহিকতায় জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় দিবসটি স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব বাবলু।