মানিকগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কে জোকা এলাকায় শুক্রবার সকালে দুর্ঘটনাস্থলে নির্মিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন, বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণের মধ্যে দিয়ে স্মরণ করা হয় তাদের ১০ম মৃত্যুবার্ষিকী।

শুক্রবার সকাল ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকার দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাশে সংহতি মানববন্ধনের আয়োজন করে মানিকগঞ্জ প্রেসক্লাব, বারসিক ও মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকারি দীপু, রইনবো থিয়েটারের প্রতিষ্ঠাতা গিনি আলম, বারসিক প্রতিনিধি সুবীর সরকার, বারসিকের গবেষক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা নিহত তারেক মাসুদ-মিশুক মুনীরের দুর্ঘটনাকবলিত স্থানে তাদের স্মরণে একটি ভাস্কর্য নির্মাণ ও ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়া সড়ক চার লেনসহ রেল নির্মাণের লাইনের দাবি জানান।

এরপর তারেক মাসুদ-মিশুক মুনীর দুর্ঘটনাস্থলের স্মৃতিস্তম্ভের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়। ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট সকালে ‘কাগজের ফুল’ সিনেমার শুটিং স্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রাম থেকে ঢাকা ফেরার পথে জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।