হাসপাতালের ৬তলা থেকে পড়ে ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজধানীর একটি হাসপাতালের ষষ্ঠতলা থেকে পড়ে ডেঙ্গু আক্রান্ত ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান নামের ওই কিশোরের বাসা রাজধানীর সবুজবাগে। সে একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান বলেন, হাবিব ডেঙ্গু জ্বর নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সে তার বাবা ও ভাইকে জানায়, তার গরুর মাংস খেতে ইচ্ছে করছে। তখন তারা দুজন মাংস আনতে বের হন।

তিনি বলেন, ‘ষষ্ঠ তলার যেখানে হাবিব ভর্তি ছিল, ওই কক্ষের পাশে একটি বারান্দা আছে। বারান্দার রেলিং দুই ফুট মত উঁচু। ধারণা করা হচ্ছে মোবাইল ফোন হাতে নিয়ে কথা বলতে বলতে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়।’

ওসি জানান, রাতেই ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।