সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যানজটে আটকা পড়ে দূরপাল্লার হাজার হাজার যাত্রী।
ঢাকা ও উত্তরাঞ্চলসুখী দূরপাল্লার যানবহনের চাপ, এ মহাসড়কে চলমান ফোর লেনের কাজ ও বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দ মেরামত করতে থাকায় এ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, এদিন সকালে এ মহাসড়কের কাশেম মোড়ে একটি কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর এ মহাসড়কে দীর্ঘ ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজট এড়াতে পাবনা, শাহজাদপুর ও কুষ্টিয়া অভিমুখী দূরপাল্লার বাস, ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেটকার কড্ডা, জামতৈল, চৌবাড়ি, বলরামপুর ও উল্লাপাড়া উপজেলার কৃষকগঞ্জ হয়ে সোনতলা সেতু দিয়ে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ওঠে। এ ছাড়া উত্তরের বগুড়া, রংপুর ও দিনাজপুর অভিমুখী বাস সিরাজগঞ্জ শহর ও রায়গঞ্জ ঘুরে একই মহাসড়কে ওঠে। এতে বিড়ম্বনায় পড়ে হাজার হাজার যাত্রী।
এ বিষয়ে চট্টগ্রাম ইপিজেডের সিকিউরিটি সেলে কর্মরত আনসার সদস্য মহমুদুজ্জামান বাবলা বলেন, এ দিন সকালে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের কাশেম মোড়ে কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষের কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড় থেকে কড্ডা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে দুই ঘণ্টা ধরে জামে আটকে আছি।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন বলেন, ফোর লেনের কাজ ও খানাখন্দ মেরামত কাজের পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি র্যাকার দিয়ে সরানোর সময় সেখানে কিছু যানজটের সৃষ্টি হলেও দুপুর ১২টার পর তা স্বাভাবিক হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের এ অংশে সংস্কার কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নলকা সেতুর কারণে কাশেমমোড়, কোনাবাড়ি হয়ে কড্ডা পর্যন্ত মহাসড়কে ঘন ঘন যানজট দেখা দিচ্ছে। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে তা সমাধাণ করছি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, নলকা সেতুর পাশে বিকল্প সওজের পৃথক সেতুর নির্মাণ কাজ চলছে। গত কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্ট এ সড়কের খানাখন্দ মেরামত করায় যাত্রীদের সাময়িক অসুবিধা হচ্ছে। এ সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে।