শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করলে দেখা যায় দেশে যখনই দুর্যোগ দেখা দিয়েছে, তখনই আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। দেশে দুর্যোগের সময়ে মানুষের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের সহযোগিতায় গরিব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) গোলাম ইয়াহিয়া, মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু প্রমুখ।