বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে ১২ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ১২ কিলোমিটার মহাসড়কে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যানজটে আটকা পড়ে দূরপাল্লার হাজার হাজার যাত্রী। ঢাকা ও উত্তরাঞ্চলমুখী দূরপাল্লার যানবাহনের চাপ, এ মহাসড়কে চলমান ফোর লেনের কাজ ও বৃষ্টিতে সৃষ্ট খানাখন্দ মেরামতের কাজ চলতে থাকায় এ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, এদিন সকালে এ মহাসড়কের কাশেম মোড়ে একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর দীর্ঘ ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজট এড়াতে পাবনা, শাহজাদপুর ও কুষ্টিয়া অভিমুখী দূরপাল্লার বাস, ট্রাক, মাইক্রোবাস ও প্রাইভেট কার কড্ডা, জামতৈল, চৌবাড়ি, বলরামপুর ও উল্লাপাড়া উপজেলার কৃষকগঞ্জ হয়ে সোনাতলা সেতু দিয়ে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ওঠে। এছাড়া উত্তরের বগুড়া, রংপুর ও দিনাজপুর অভিমুখী বাস সিরাজগঞ্জ শহর ও রায়গঞ্জ ঘুরে একই মহাসড়কে ওঠে। এতে বিড়ম্বনায় পড়ে হাজার হাজার যাত্রী।

গতকাল সকালে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের কাশেম মোড়ে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড় থেকে কড্ডা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন বলেন, ফোর লেনের কাজ ও খানাখন্দ মেরামত কাজের পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি র‌্যাকার দিয়ে সরানোর সময় সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হলেও দুপুর ১২টার পর তা স্বাভাবিক হয়।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের এ অংশে সংস্কার কাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নলকা সেতুর কারণে কাশেম মোড়, কোনাবাড়ি হয়ে কড্ডা পর্যন্ত মহাসড়কে ঘন ঘন যানজট দেখা দিচ্ছে। আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে তা সমাধান করছি।