সাভারে শ্রমিকনেতা রতন হোসেন মোতালেবকে অপহরণ ও হত্যাচেষ্টাকারী রাজু বাহিনীর প্রধান সন্ত্রাসী রাজু আহমেদসহ দোষীদের জামিন আদেশ বাতিল করে গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে সাভার আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন।
সমাবেশে বক্তারা বলেন, গত ৩০ জুলাই শ্রমিকনেতা রতন হোসেন মোতালেবকে অপহরণ ও হত্যাচেষ্টাকারী আশুলিয়ার গৌরীপুর এলাকার কথিত আওয়ামী লীগ ও যুবলীগসহ অঙ্গ সংগঠনের নাম ব্যবহারকারী রাজু বাহিনীর প্রধান সন্ত্রাসী রাজু আহমেদসহ সব দোষীর জামিন আদেশ বাতিল ও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে সাভার-আশুলিয়ায় কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আর এই দায়ভার প্রশাসন ও সরকারকেই নিতে হবে বলে জানান সাভার-আশুলিয়া শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।