১০ম মৃত্যুবার্ষিকী

তারেক মাসুদ মিশুক মুনীর স্মরণ

তারেক মাসুদ ও মিশুক মুনীর বাংলাদেশের চলচ্চিত্রের অনন্য অধ্যায় বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিক্ষক, লেখক ও তাত্ত্বিক সঞ্জয় মুখার্জি। গতকাল শুক্রবার তারেক মাসুদ স্মারক বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ ও ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২১’-এর আয়োজন করে। করোনা মহামারীর কারণে এ বছর অনলাইনে অনুষ্ঠিত হয় স্মারক বক্তৃতা।

আলোচনায় অংশগ্রহণ করেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন, নাহিদ মাসুদ ও চলচ্চিত্রকার প্রসূন রহমান। সঞ্চালনা করেন চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’

বেলায়াত হোসেন মামুন বলেন, ‘তারেক মাসুদ একাধারে শিক্ষক, নির্মাতা ও স্বাধীন ধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পুরোধা। তিনি আমাদের পথপ্রদর্শক।’

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক ও চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও ৫ জন।