অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রেটিং বেড়েছে বাংলাদেশের। অন্যদিকে রেটিং হারানোর সঙ্গে অবস্থানে অবনতিও হয়েছে অস্ট্রেলিয়ার।
ঘরের মাঠে সদ্যই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও, জয় দিয়ে সিরিজ শেষ করে বাংলাদেশ।
এই পারফরম্যান্সের সুবাদে যদিও র্যাঙ্কিংয়ে টাইগাররা আগের মতো ১০ম স্থানেই রয়েছে। তবে ১২ রেটিং বেড়েছে লাল-সবুজের দলের। টাইগারদের বর্তমান রেটিং ২৩৪।
বাংলাদেশের সমান ২৩৪ রেটিং রয়েছে এই ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে নবমস্থানে।
২২২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ।
এদিকে রেটিং হারানোর সঙ্গে র্যাঙ্কিংয়ে একধাপ নিচে নেমে গেছে অজিরা। ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে তারা। অসিদের অবনতিতে পঞ্চমস্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ২৪৬।
২৭৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ২৭৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। পরের দুটি স্থানে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।