ম্যানইউর গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম দুর্দান্তভাবে শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ ৫-১ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ। চারটি গোলেই অ্যাসিস্ট পল পগবার।

এ নিয়ে রেকর্ড ১৯ বার জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল রেড ডেভিলরা। ম্যাচের ৩০ মিনিটে গোল করেন ব্রুনো। প্রথমার্ধে ওই এক গোল নিয়েই বিরতিতে যায় ওলে গানার সোলসকায়েরের দল। দ্বিতীয়ার্ধে আরও চার গোল দেয় তারা। ৫৪ ও ৬০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ফার্নান্দেজ। এছাড়া ৫২ মিনিটে ম্যাসন গ্রিনউড এবং ৬৮ মিনিটে ফ্রেড গোল করলে বড় জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

হুল ফুটাল মৌমাছিরা : ৭৪ বছর পর এবার ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরে উঠে এসেছে ব্রেন্টফোর্ড। শুক্রবার প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ব্রেন্টফোর্ড ২-০ গোলে হারিয়েছে আর্সেনালকে।

‘দ্য বিজ’ বা মৌমাছির দল খ্যাত ক্লাবটা যেন আর্সেনালকে হুল ফুটিয়েছে। ম্যাচের ২২ মিনিটে সের্হি কানোস দলকে এগিয়ে নেন। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিশ্চিয়ান নোয়াকো। এ যেন রূপকথার এক জয় দিয়ে নতুন শুরু হলো ব্রেন্টফোর্ডের। উল্টো অভিজ্ঞতা হলো গতবার লিগে অষ্টম হওয়া আর্সেনালের।