জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন শিক্ষার্থীর।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ জুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। গতকাল শনিবার রাত ১১টা ৫৯ মিনিটে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শেষ হয়।
এ বছরেও ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ৯টি ইউনিটে জন্য পৃথকভাবে ভর্তি আবেদন ফরম পূরণ করতে হয়েছে। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে আবেদন করেছে ৬৮ হাজার ২০২ জন শিক্ষার্থী।
এছাড়া ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ) ৪১ হাজার ৬৭৭ জন, সি১ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ১০ হাজার ৫৯ জন। ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৬৯ হাজার ১২৯ জন, ই ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৮ হাজার ৩৩ জন, এফ ইউনিটে (আইন অনুষদ) ২৪ হাজার ২২০ জন, জি ইউনিটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ৮ হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিটে (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ২৩ হাজার ২৪০ জন এবং আই ইউনিটে (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) আবেদন করেছে ৬ হাজার ৭১০ জন শিক্ষার্থী।
ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাতালিকায় কতজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে অর্থাৎ, ভর্তির আসন সংখ্যা এখনও নির্ধারিত হয়নি।’
ভর্তি পরীক্ষার তারিখ জানতে চাইলে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষার সূচি এখনও নির্ধারণ করা হয়নি। করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে।’
এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১৮৮৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল তিন লাখ ৫৯ হাজার ৯৬২ জন ভর্তিচ্ছুর।