বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া যাত্রীদের পারাপার চালু রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় রবিবার সকাল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
সেই সাথে বন্দরের ভেতরে লোড আনলোড, ডেলিভারি দেওয়াসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
এছাড়াও আজ ভারতের স্বাধীনতা দিবস এ উপলক্ষে তাদের দেশে সরকারি ছুটি থাকায় তারাও কোনো পণ্য রপ্তানি না করার কথা জানিয়েছেন। ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে বন্দর দিয়ে পুনরায় দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বলেন, আজ জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে।