হিলিতে মাইক্রো চালককে পিটিয়ে হত্যার দুই আসামি গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে রোহিঙ্গা বলে সম্বোধন করায় মাইক্রোবাস চালক ইলিয়াস হোসেনকে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি নাইমুর রহমান ওরফে লাবু (২৬) ও তৌফিক হাসান ওরফে সাফিনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার মধ্যরাত আড়াইটায় হিলির জালালপুর এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত নাইমুর রহমান হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের মুশফিকুর রহমানের ছেলে ও তৌফিক হাসান হিলির বৈগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাইক্রোচালক ইলিয়াস হোসেনকে হত্যা মামলার প্রধান দুই আসামি হিলির জালালপুর এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল গতকাল রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে নাইমুর রহমান ও তৌফিক হাসান নামের প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হত্যা মামলার পর থেকেই পলাতক ছিলেন।

পরে তাদেরকে আজ সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২২ জুলাই বৃহস্পতিবার এক ব্যক্তিকে রোহিঙ্গা বলে সম্বোধন করায় মাইক্রো চালক ইলিয়াসকে নাইমুর ও তৌফিকসহ কয়েকজন পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুলাই শনিবার তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।

নিহত ইলিয়াস হোসেন হিলির পাইকপাড়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দর এলাকায় মাইক্রো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে মাইক্রোচালক, স্বজন ও এলাকাবাসীরা।