বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। রবিবার স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করে তারা।
এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞার সভাপতিত্বে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর কালরাতে মৃত্যুবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সব সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সব সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিসিএস অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশনের কার্যালয়ে (অডিট কমপ্লেক্স) দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে মহাসচিব গোলাম ছরওয়ার বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন এবং তার জীবন ও কাজের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
তিনি তার বক্তব্যে বলেন, ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি বরং তার নীতি, আদর্শ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু এ দেশের সাধারণ মানুষ ঘাতকদের সেই ঘৃণিত ষড়যন্ত্রকে রুখে দিয়ে বঙ্গবন্ধুকে বাঙালি জাতির পিতার আসনে অধিষ্ঠিত করেছে।
দোয়া, মিলাদ মাহফিল ও আলােচনা সভা শেষে বিসিএস তাদের পক্ষ থেকে সেগুনবাগিচা এলাকায় দুস্থ, অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।