আফগানিস্তানে শান্তি চান রশিদ

আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরো একবার মুখ খুললেন দেশটির ক্রিকেট সুপারস্টার রশিদ খান।

পুরো আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। এই পরিস্থিতিতে শান্তির বার্তা দিলেন এই তারকা স্পিনার।

রবিবার একটি টুইট করেছেন রশিদ। সেখানে তিনি লিখেছেন, ‘শান্তি’। সঙ্গে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার ইমোজি এবং দেশের জাতীয় পতাকার ছবি দিয়েছেন।

রশিদ এখন দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলতে এখন ইংল্যান্ডে আছেন। সেখান থেকেই কদিন আগেও বিশ্বনেতাদের কাছে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন।

টুইট বার্তায় লিখেছিলেন, ‘আমার দেশে নৈরাজ্য চলছে। প্রতিদিন মহিলা, শিশুসহ হাজারো নিরীহ মানুষ শহীদ হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস হচ্ছে। হাজারো পরিবার ঘরছাড়া হচ্ছে। আমাদের এমন অবস্থায় ছেড়ে যাবেন না। আফগান হত্যা বন্ধ করুন। আফগান পতাকা ধ্বংস হওয়া থেকে রক্ষা করুন। আমরা শান্তি চাই।’

রশিদ খান একা নন, আফগানিস্তানকে বাঁচানোর আবেদন জানিয়েছিলেন মোহাম্মদ নবিও। তিনি একটি টুইট করে জানান, ‘আমাদের দেশ আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা দেখতে একজন আফগান হিসেবে আমার খুবই কষ্ট হচ্ছে। আজ গোটা দেশ জুড়ে অশান্ত একটা পরিবেশ। বিপর্যয় ক্রমশ মাথা চাড়া দিয়ে দাঁড়াচ্ছে। এই দেশের মানবিকতা বর্তমানে সংকটের মুখে এসে দাঁড়িয়েছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘লোকজনকে বাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে। অনির্দিষ্ট ভবিষ্যৎকে সামনে রেখে তারা প্রত্যেকেই কাবুলের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি বিশ্ব নেতাদের কাছে একটাই আবেদন করতে চাই যে তারা আফগানিস্তানকে এই সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার করুক। আমাদের সাহায্য করুন। আমরা শান্তি চাই।’